আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে স্পষ্ট অবস্থান মির্জা ফখরুলের

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও বন্ধ রয়েছে এবং তা বন্ধই থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ ও বর্তমান তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘পলিটিকসটাকে চলতে দিন। লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে (গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দিন)। বিচ্ছিন্ন কোনো কিছু দেখে রাজনীতি বা গণতন্ত্রের পথ আটকে দিলে সেটি একটি বিকৃত রূপ নিতে পারে। বাকি যারা আছে তারা কাজ করছে এবং করবে।’
আওয়ামী লীগের গোপন বা হঠাৎ তৎপরতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (আওয়ামী লীগ) তো কিছু কিছু কাজ করার চেষ্টা করবেই, করছেও। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কারণ দেশের মানুষ তাদের রিজেক্ট (প্রত্যাখ্যান) করে দিয়েছে।’
দলটির বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, সেটি বন্ধ আছে এবং বন্ধই থাকবে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































