ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। উত্তর ও মধ্য ইসরাইলসহ জেরুজালেম অঞ্চলে বিমান হামলার সতর্ক সাইরেন বাজার পরপরই এই হামলার ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
এর আগে, গত বছর ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে ১২ দিনের সংঘাত চলাকালেও হাইফার একই তেল শোধনাগার লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।
এদিকে, বুধবার ভোরে ইসরাইল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র, যার একটি অংশ কাতারের মালিকানাধীন।
এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এতে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের ওই হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন ধরে যায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে পরিচিত।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
(ঢাকাটাইমস/২০ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































