বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি, ভ্রমণে ঝুঁকির আশঙ্কা

ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
রবিবার (২২ মার্চ) স্থানীয় সময় এক জরুরি বার্তায় ‘ওয়ার্ল্ডওয়াইড কশন অ্যালার্ট’ জারি করে মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে।
সতর্কবার্তায় বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
পররাষ্ট্র দপ্তর বিদেশে অবস্থানরত নাগরিকদের নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য পেতে সংশ্লিষ্ট পোর্টালে নাম নিবন্ধনেরও পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া নাগরিকদের নিয়মিত আপডেট পেতে পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল যোগাযোগমাধ্যম অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
সিএনএনের হাতে আসা এক কূটনৈতিক বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে গত সপ্তাহেই বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন কূটনৈতিক মিশনগুলোকে তাদের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।
(ঢাকাটাইমস/২৩ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












