ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দাম কমল

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, ইরানে সম্ভাব্য হামলা স্থগিতের ঘোষণায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিলেছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, ফলে দাম কমেছে।
বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর প্রণালিটি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। কখনো কখনো তা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছিল।
তবে সর্বশেষ পরিস্থিতিতে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে।
সূত্র: আল-জাজিরা
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












