দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩৪

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু আরোহী। খবর দ্য গার্ডিয়ান’র।
কর্তৃপক্ষ জানায়, সোমবার কলম্বিয়ান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ বিমান দেশটির দক্ষিণাঞ্চলের আমাজন এলাকায় অবস্থিত পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। এতে মোট ১২৫ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য এবং ১১৪ জন সেনাসদস্য।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এখন পর্যন্ত বহু আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘটনাটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসা চলছে এবং কিছু মানুষের অবস্থা এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার পর চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে এবং দ্রুত জাতীয় সহায়তা চাওয়া হয়েছে। আহতদের সরিয়ে নিতে সামরিক বাহিনীর একাধিক বিমান মোতায়েন করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে এটি কোনো হামলার ফল নয় বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
(ঢাকাটাইমস/২৪ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































