চণ্ডীগড়ে পেট্রোল পাম্পে মদ বিক্রির সিদ্ধান্ত!

এবার আর শুধু বার বা নির্দিষ্ট দোকানেই নয়, পেট্রল পাম্প কিংবা শপিং মলে কেনাকাটার সময়ও সহজেই কেনা যাবে মদ। এমনই এক নতুন ও ব্যতিক্রমী আবগারি নীতি ঘোষণা করেছে ভারতের চণ্ডীগড় প্রশাসন, যা কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরে।
চণ্ডীগড় প্রশাসনের দাবি, রাজস্ব আয় বাড়ানো এবং মদ বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নীতি অনুযায়ী, চণ্ডীগড়ের পেট্রল পাম্প, বড় শপিং মল এবং স্থানীয় বাজারগুলোতে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া লাইসেন্সপ্রাপ্ত বড় ডিপার্টমেন্টাল স্টোর থেকেও বিদেশি মদ, ওয়াইন ও বিয়ার বিক্রি করা যাবে। এতে খুচরা বাজারে মদের বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে, যা সরকারের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এদিকে, কালো টাকা প্রতিরোধে মদের দোকানগুলোতে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি দায়িত্বশীল মদ্যপান নিশ্চিত করতে হোটেল, বার ও রেস্তোরাঁয় ‘অ্যালকোমিটার’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই যন্ত্রের মাধ্যমে গ্রাহকরা নিজেরাই তাদের রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করতে পারবেন।
নতুন নীতিতে নজরদারি জোরদার করতেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। মদের গুদামে সিসিটিভি ক্যামেরা এবং পরিবহনকারী যানবাহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া অবৈধ বিজ্ঞাপন ঠেকাতে রাখা হয়েছে কড়া শাস্তির বিধান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












