৫৩ বছর পর চাঁদের পথে মানুষের যাত্রা, সফল আর্টেমিস-২ উৎক্ষেপণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐতিহাসিক আর্টেমিস-২ মিশনের সফল উৎক্ষেপণের মাধ্যমে ৫৩ বছর পর আবারও মানুষ চাঁদের পথে যাত্রা শুরু করেছে। এই অভিযানে চার নভোচারী চাঁদের চারপাশ প্রদক্ষিণে রওনা হয়েছেন, যা নিম্ন-পৃথিবী কক্ষপথের বাইরে মানুষের প্রথম যাত্রা হিসেবে নতুন ইতিহাস গড়েছে।
স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে নাসা’র কেনেডি স্পেস সেন্টার থেকে মিশনটি উৎক্ষেপণ করা হয়।
এই মিশনটি নাসার মানুষকে পুনরায় চাঁদে পাঠানো এবং ভবিষ্যতে মঙ্গলে নভোচারী পাঠানোর বৃহৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এর আগে সর্বশেষ ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের মাধ্যমে মানুষ চাঁদে গিয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও মানবজাতির চন্দ্রযাত্রা শুরু হলো।
আর্টেমিস-২ মিশনের চার সদস্য হলেন— নাসার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন। তারা চাঁদের চারপাশে প্রায় ১০ দিনের এক অভিযানে রয়েছেন, যা মানুষকে কয়েক দশকের মধ্যে মহাকাশের সবচেয়ে দূরবর্তী স্থানে নিয়ে যাবে।
উৎক্ষেপণের আগে রকেটে হাইড্রোজেন জ্বালানি ভরার মতো সংবেদনশীল ধাপ সফলভাবে সম্পন্ন হয়। প্রায় ৭ লাখ গ্যালনের বেশি জ্বালানি লোড করা হয় স্পেস লঞ্চ সিস্টেম রকেটে। পূর্বের পরীক্ষায় জ্বালানি লিকের সমস্যা থাকলেও এবার বড় কোনো জটিলতা দেখা যায়নি।
প্রযুক্তিগত কিছু ছোটখাটো সমস্যা থাকলেও সেগুলো দ্রুত সমাধান করা হয় এবং উৎক্ষেপণে কোনো বিলম্ব ঘটেনি। বিশেষ করে ‘ফ্লাইট-টার্মিনেশন সিস্টেম’ ও ‘লঞ্চ-অ্যাবোর্ট সিস্টেম’-সংক্রান্ত বিষয়গুলো ঠিক করে নেয় নাসা।
অভিযানের প্রথম পর্যায়ে নভোচারীরা পৃথিবীর উচ্চ কক্ষপথে অবস্থান করে মহাকাশযানের জীবনরক্ষাকারী ব্যবস্থা, নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থার পরীক্ষা চালাবেন। এরপর ‘ট্রান্সলুনার ইনজেকশন’ প্রক্রিয়ার মাধ্যমে তারা চাঁদের পথে অগ্রসর হবেন।
চাঁদের পেছন দিক দিয়ে ‘ফ্রি-রিটার্ন ট্র্যাজেক্টরি’ ধরে ঘুরে আবার পৃথিবীতে ফিরবেন তারা। পৃথিবীতে ফেরার সময় ওরিয়ন ক্যাপসুলটি ঘণ্টায় প্রায় ৪০ হাজার কিলোমিটার বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে।
নাসার কর্মকর্তারা বলছেন, এই মিশন নতুন প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক, যা ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানের ভিত্তি গড়ে দেবে।
উল্লেখ্য, পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। কিন্তু চাঁদ পৃথিবীকে পুরোপুরি বৃত্তাকার পথে কেন্দ্র করে ঘোরে না। তাই চাঁদ মাঝে-মধ্যে গড় দূরত্বের চেয়ে কাছে থাকে, আবার দূরেও থাকে। প্রথম চাঁদের উদ্দেশ্যে লুনা ১ মিশন পরিচালনা করেছিল সোভিয়েত ইউনিয়ন। সেই ১৯৫৯ সালে। চাঁদের কাছাকাছি এই নভোযানটির পৌঁছাতে সময় লেগেছিল প্রায় ৩৬ ঘণ্টা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আটটি অ্যাপোলো মিশন পরিচালনা করেছে। এর মধ্যে সফল হয়েছে ৬টি। প্রত্যেকটি মিশনের চাঁদে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় ৩ দিন। অ্যাপোলো ৮ চাঁদের কক্ষপথে পৌঁছেছিল ৬৯ ঘণ্টা ৮ মিনিটে। অ্যাপোলো ১১ মিশনের লেগেছিল ৭৫ ঘণ্টা ৫৬ মিনিট। এই মিশনে মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখে।
(ঢাকাটাইমস/২ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













