আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ ও মধ্য এশিয়ার তিন দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতে ৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে । শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
শক্তিশালী এই ভূমিকম্পে বিস্তৃত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দেশগুলোর প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দু কুশ পার্বত্য অঞ্চল, যা আফগানিস্তানে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৭০ কিলোমিটার।
সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ ছাড়াও পাঞ্জাব প্রদেশ, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ জম্মু-কাশ্মিরে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, কম্পন এতটাই প্রবল ছিল যে আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী Kabul এবং ভারতের রাজধানী নিউ দিল্লীসহ হরিয়ানা ও জম্মু-কাশ্মির অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এসব এলাকা থেকেও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তিন দেশের কোথাও এখন পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের ইসলামাবাদ, সোয়াত ও গিলগিট-বাল্টিস্তানের হুনজা এলাকায় ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যা ওই অঞ্চলের ভূমিকম্পপ্রবণতার বিষয়টি আবারও সামনে এনেছে।
(ঢাকাটাইমস/৪ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













