যারা দেশকে ঘিরে স্বপ্ন দেখি, তারা কখনো কি কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো না?

একবার ভাবুন তো এই ২০২৬ সালে এসেও যেই দেশে টিকার অভাবে হাম মহামারি আকার ধারণ করে, মারা যায় শত শত শিশু, মশার কামড়ে মারা যায় একজন সচিব, স্বাস্থ্য ব্যবস্থা যেদেশে বিপর্যস্ত, বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা! রোজ সড়ক দুর্ঘটনায় যেখানে মারা যায় অসংখ্য মানুষ, ঈদের ছুটিতে সেটি রেকর্ড হয়ে ওঠে, দিনের পর দিন তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে মানুষ, যানজটে অচল হয়ে থাকে সেই শহর যেটি আবার বায়ুদূষণে প্রথম!
আফসোস সেই দেশ যেখানে বহুবছর ধরে আইনের শাসনের ঘাটতি, যেখানে পুলিশ প্রশাসন আইন আদালত সবই চলে যখন যে ক্ষমতায় থাকে তার কথায়.. কখনো সেখানে ক্রসফায়ার কখনো গুম কখনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কখনো মব বা সহিংসতা থাকে!
আফসোস যেই দেশে যেখানে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পায় না, যেই দেশের তরুণরা একটা চাকরি বা কাজের জন্য হন্যে হয়ে থাকে, অধিকাংশ মানুষ অসুখী অমানবিক বা ক্লান্তিকর জীবন যাপন করে,না বাঁচে, যেখানে অধিকাংশ মানুষ দেশ ছাড়তে মরিয়া, যেই দেশের নাগরিকরা সাগর পেরিয়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সারা পৃথিবীতে প্রথম এবং এমন তালিকার শেষ নেই!
মাঝে মধ্যে ক্লান্ত লাগে এমন কোন অলস দুপুরে! এতো সম্ভাবনাময় একটা দেশ, যেখানে বীজ ফেললেই ফসল হয়, যেই দেশে শত শত নদী, যেখানে পরিশ্রমী কৃষক আছে, আছে পরিশ্রমী নারী, কোটি প্রবাসী, যেই দেশটা আসলেই একটা সুন্দর দেশ হবার কথা, ব্যবস্থাপনার সংকট, আইন আদালত প্রশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো আর সুশাসনের অভাবে সেই দেশটার মানুষের দুর্ভোগ লেগেই থাকে! অথচ এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সুশাসন প্রতিষ্ঠা করে দেশটা সুন্দরভাবে বদলে দেওয়া খুব কঠিন নয়!
আচ্ছা এই দেশটা কবে একটা সুন্দর দেশ হয়ে উঠবে যেখানে শিশুরা মরবে না টিকার অভাবে বা ডেঙ্গুতে, সচিব মরবে না মশার কামড়ে, রোজ ঘটবে না দুর্ঘটনা! আচ্ছা আমরা যারা শুধু বাংলাদেশেই থাকতে চাই এবং দেশকে ঘিরে সব স্বপ্ন দেখি তারা কখনো কি একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো না? আর পেলে কবে? আর কবে?
লেখক: কলাম লেখক, ও বিশ্লেষক
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













