ধর্মমন্ত্রী কায়কোবাদের ডাকে প্রধানমন্ত্রীর অভ্যর্থনায় মহাসড়কে মানুষের ঢল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যতিক্রমধর্মী গণঅভ্যর্থনা জানিয়েছেন মুরাদনগরের সাবেক সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কায়কোবাদের নেতৃত্বে মহাসড়কে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধা, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। পুরো ইলিয়টগঞ্জ এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।
চাঁদপুরে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, স্থানীয় উন্নয়ন প্রকল্প পর্যালোচনা এবং বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
ধর্মমন্ত্রী কায়কোবাদের আয়োজনে ইমাম-মোয়াজ্জিনরা ব্যানার-ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ইমাম-মোয়াজ্জিনদের বেতন-ভাতা ও বোনাস প্রদান করায় তারা আনন্দিত।
একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধারা ‘স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় গর্বিত মুক্তিযোদ্ধাগণ’ শিরোনামের ব্যানার নিয়ে অভ্যর্থনায় অংশ নেন।
হিন্দু ধর্মাবলম্বীরাও পুরোহিতদের বোনাস ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উলুধ্বনির মাধ্যমে শুভেচ্ছা জানান। অন্যদিকে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য ফুল হাতে মহাসড়কে দাঁড়িয়ে অভিনন্দন জানান হাজারো নারী।
ধানের শীষ ও লাঙ্গল হাতে কৃষকরাও কৃষিকার্ড কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
স্থানীয়দের মতে, ধর্মমন্ত্রী কায়কোবাদের নেতৃত্বে এমন বহুমাত্রিক আয়োজন সাম্প্রতিক সময়ে কুমিল্লায় বিরল। বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি পুরো কর্মসূচিকে গণঅভ্যর্থনায় রূপ দেয়।
ইলিয়টগঞ্জে নেতাকর্মীদের শুভেচ্ছায় সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়িবহর থামিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে মুসাফাহ করেন এবং উপস্থিত জনতার উদ্দেশে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহ আরেফীন, গোলাম মহিউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, আলেম-ওলামা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































