লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, শিশুসহ নিহত ৩১ আহত ৪০০

দক্ষিণ ও পূর্ব লেবাননের বিস্তীর্ণ এলাকায় ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪০০ জন। ইসরায়েল ওই এলাকার লোকজনকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
এই হামলায় হিজবুল্লাহর ১০০টির বেশি অবকাঠামোর ওপর আক্রমণ চালানো হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে। সূত্র বিবিসি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার অঙ্গীকার করার পরই এই হামলার ঘটনা ঘটে বলে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত মাসের মাঝামাঝি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা।
গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তিনি হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ‘আরও কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এরপর ইসরায়েলি বাহিনী তাদের হামলা আরও জোরদার করেছে। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের শহর ও গ্রামগুলো থেকে লোকজনকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থলবাহিনী অগ্রসর হওয়ার খবরে মানুষ প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে।
পূর্ব লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা চলেছে। নাবাতিয়েহ শহরকে ঘিরে জারি করা জোরপূর্বক উচ্ছেদ নির্দেশনার পর আরও প্রাণঘাতী হামলা চালানো হয়।
ইসরায়েলের আক্রমণের শিকার কয়েকটি এলাকায় ধসে পড়া ভবনের কাছে যেতে উদ্ধারকর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে খবরে জানা গেছে।
(ঢাকাটাইমস/২৭মে/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













