ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা বন্ধ করল ইসরায়েল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল।
ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান হামলা বন্ধ রেখেছে। তবে একই সঙ্গে ওই কর্মকর্তা সতর্ক করে বলেছেন, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েলের সীমান্তবর্তী শহরগুলোতে হামলা অব্যাহত রাখে, তাহলে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে নতুন করে হামলা চালানো হবে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান আগামী কয়েক দিন পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।
তবে ইসরায়েলি কর্মকর্তার এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
এর আগে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দেয় ইরান। একই সঙ্গে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে জানায়, ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় অথবা লেবাননে আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।
সোমবার (৮ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইসরায়েল ও ইরানকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। এর পরপরই ইরানের পক্ষ থেকে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা আসে।
ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া ঘাঁটি ইরানি এক বিবৃতিতে জানায়, ‘সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের ঘোষণা দেওয়া হলো।’
তবে বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননসহ অন্য কোথাও যদি আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে আগের চেয়ে আরও কঠোর ও দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত হয় রোববার ভোরে, যখন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে। এর জবাবে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল, যা না করতে আগেই সতর্ক করেছিল ইরান।
এরপর আইআরজিসি ঘোষণা দেয়, বৈরুতে হামলা হলে ইসরায়েলকে তার জবাব দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় রোববার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী।
পরে ট্রাম্প ইসরায়েলকে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে কয়েক ঘণ্টা নীরব থাকার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের রাজধানী তেহরান, তাবরিজসহ একাধিক স্থানে বিমান হামলা চালায়। এর পর সোমবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/৯ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































