ক্রিকেটার নাঈমকে হেনস্তা: পুলিশের সোর্স সোহেল আটক, তদন্তে কমিটি

চট্টগ্রাম ব্যুরো:
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ১৬:১১
অ- অ+

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের ঘটনায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত মোহাম্মদ সোহেলকে আটক করা হয়েছে।

একই সঙ্গে ঘটনার তদন্তে পুলিশের একজন উপকমিশনারকে (ডিসি) প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

শনিবার দুপুরে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এ তথ্য নিশ্চিত করেন।

সিএমপি কমিশনার বলেন, তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া আটক সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে একই ঘটনায় খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হচ্ছে।

হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, ‘দুই পুলিশ সদস্যকে একই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি। কোনো ছাড় দেওয়া হবে না।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে ফেরার পথে লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের মুখে নাঈম হাসানকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করা হয়। সেখানে পোশাক পরা তিন পুলিশ সদস্যের সঙ্গে সোর্স হিসেবে ছিলেন পাঞ্জাবি পরা সোহেল। অভিযোগ রয়েছে, পুলিশের হাতে থাকা পাইপের পাশাপাশি সোহেলও নাঈমকে মারধর করেন এবং নিজেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হিসেবে পরিচয় দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত লোকজন সোহেলের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। পরে স্থানীয় লোকজন তাকে ধরে খুলশী থানায় নিয়ে যান। সোহেল নগরের গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

নাঈমের পরিবারের অভিযোগ, স্থানীয় লোকজন সোহেলকে থানায় নিয়ে গেলেও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে নিজের পাশে বসিয়ে রাখেন। অন্যদিকে গভীর রাতে থানায় যাওয়া নাঈমের বাবাকে ওসির কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। তাকে প্রায় ১৫ মিনিট থানার বাইরে অপেক্ষা করিয়ে পরে ডিউটি অফিসারের কক্ষে বসতে বলা হয়।

এ ঘটনায় নাঈমের বড় ভাই কামরুল আলম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় সোহেলকে তিন নম্বর আসামি করা হয়েছে। অপর দুই আসামি হলেন সাময়িক বরখাস্ত হওয়া এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল।

ঘটনার পর ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন না নেইমার
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
রপ্তানি ধরে রাখতে জোরালো প্রতিযোগিতায় নামতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
পাঁচ মাসে ধর্ষণের শিকার ২৫০ নারী ও শিশু: মহিলা পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা