বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বিজিবির ভাষ্য, শনিবার রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে বিজিবির একটি টহল দল। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর ব্যক্তি দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যান।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি শনিবার রাতে ঘটে। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































