দিল্লিতে বাধা পেয়ে উপদেষ্টা জাহেদের ফিরে আসা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দেশে ফিরে আসার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে।’
তিনি বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে দিনের শেষে বিস্তারিত জানানো হবে।
জাহেদ উর রহমান একটি সম্মেলনে অংশ নিতে ভারতের দিল্লিতে গিয়েছিলেন। তবে সেখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। দীর্ঘ সময় দিল্লি বিমানবন্দরে অবস্থানের পর তিনি সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ। দিল্লিতে পৌঁছানোর পর ভারতীয় কর্তৃপক্ষ তাকে নজরদারি তালিকার (ওয়াচলিস্ট) তথ্যের ভিত্তিতে আটকে দেয়।
একপর্যায়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি নিজের পাসপোর্ট ফেরত চান। পরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো হয়ে ঢাকায় ফেরেন। দেশে ফিরে বিমানবন্দর ত্যাগের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ রোববার এক প্রতিবেদনে জানায়, সরকারি একটি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত নজরদারি তালিকায় শনাক্ত হয়। এরপর তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য আলাদা করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, দিল্লি বিমানবন্দরে তার প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয়েছিল। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































