টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে টিকটকে আসক্ত স্ত্রী সুমনা ফেরদৌসীকে (৩৬) হত্যার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (৩০) আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) রাতে নিজ এলাকা চরদিঘলিয়া গ্রাম থেকে লিমনকে আটক করা হয়। লিমন ওই গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে। নিহত সুমনা লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
লিমন পুলিশকে জানান, স্ত্রী সুমনা টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি পরপুরুষদের সঙ্গে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও আদান-প্রদান করতেন। এ নিয়ে লিমন ও সুমনার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে সুমনাকে সোমবার সকালে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে বেরিয়ে যান লিমন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ওই দিন বিকেল ৫টার দিকে বাড়িতে এসে লিমন ঘরের দরজা খুলে চিৎকার করে কাঁদতে থাকেন। তার কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুমনা আত্মহত্যা করেছে মর্মে লিমন প্রথমে প্রচার করার চেষ্টা চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে তাকে হত্যার কথা স্বীকার করেন তিনি।
সুমনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সুবাদে সুমনার সঙ্গে তার পরিচয় ও প্রেম। এরপর ২০২১ সালে তাদের বিয়ে হয়। এটা লিমনের দ্বিতীয় ও সুমনার চতুর্থ বিয়ে বলে জানা গেছে।
পরবর্তীতে সুমনাকে নিয়ে গ্রামের বাড়ি চরদিঘলিয়ায় আসেন লিমন। প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও সুমনাকে বাড়িতে নিয়ে আসায় প্রায়ই পারিবারিক কলহ সৃষ্টি হতো। একপর্যায়ে লিমনের প্রথম স্ত্রী তার একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। বর্তমানে লিমন স্থানীয় বাজারে চায়ের দোকান চালানোর পাশাপাশি কাঠকাটা শ্রমিক হিসেবে কাজ করেন। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন লিমন। নারায়ণগঞ্জে সুমনার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে আছে।
(ঢাকাটাইমস/১৬জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































