ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরো সভাপতি হলেন বাংলাদেশের নাহিদা সোবহান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১১:৩৪| আপডেট : ১৭ জুন ২০২৬, ১১:৫৭
অ- অ+

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান দায়িত্ব গ্রহণ করেন।

১৯৫৯ সালে কমিটি গঠনের পর এই প্রথম বাংলাদেশ ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর কোনো শীর্ষ পদে দায়িত্ব পেল। চার সদস্যবিশিষ্ট এই ব্যুরো কমিটির কার্যক্রমে নীতিগত দিকনির্দেশনা প্রদান করে এবং বিশ্বব্যাপী শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুতি বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও ঐকমত্য গঠনে ভূমিকা রাখে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক আলোচনার ভিত্তিতে বাংলাদেশকে সর্বসম্মত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। পরে আলজেরিয়া ও অস্ট্রিয়া এই মনোনয়ন সমর্থন করে এবং নির্বাহী কমিটির ১১০টি সদস্য রাষ্ট্র বাংলাদেশের পক্ষে সমর্থন জানায়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই দায়িত্ব পাওয়া আন্তর্জাতিক বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতিফলন।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি রোম, জেনেভা ও কলকাতায় বিভিন্ন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তিনি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন মানবিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বিষয়ে জাতীয় টাস্কফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন।

বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরো সভাপতির দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছানো এবং মানবিক সহায়তা তহবিল সংকটের মধ্যে এই দায়িত্ব গ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক ভূমিকা আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/১৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধস, আয় কমেছে ৬৯ কোটি ইউরো
লালমনিরহাটের ফলিমারীতে শিশুর মরদেহ উদ্ধারে সংঘর্ষ, এসপিসহ আহত ৩০
এআইয়ের যুগে চাকরির বাজারে বড় ধাক্কা, ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে খেলেন গরম কালাই রুটি, প্রশংসা করলেন আমের স্বাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা