ঝিনাইদহে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই এ শ্লোগান সামনে রেখে ঝিনাইদহে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঝিনাইদহের মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
‘অভাব নয়, সীমাহীন লোভ ও হীন মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ঝিনাইদহ সদর উপজেলার চারটি বিদ্যালয়ের বিতার্কিকরা। ফাইনালে মুখোমুখি হয় সদরের বারেক আলী মাধ্যমিক বিদ্যালয় ও এম কে মাধ্যমিক বিদ্যালয়। পক্ষে থাকা দল যুক্তি দেয় মানুষের সীমাহীন লোভ, নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং অসৎ মানসিকতাই দুর্নীতির মূল কারণ। অন্যদিকে বিপক্ষে থাকা দল দাবি করে, দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক বৈষম্যও দুর্নীতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে বারেক আলী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং এম কে মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুর আমিন, মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শরিফুজ্জামান, দুপ্রক জেলা শাখার সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু, কেসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে রাব্বী প্রমুখ।
এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা আরও জোরদার হবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব দায়িত্ববান ও নীতিবান হবে বলে আশা করেন আয়োজকরা। (ঢাকাটাইমস/১৮জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































