আনসার একাডেমিতে শুরু হলো ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার সকালে বাংলাদেশ বেসবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
‘বেসবলের শক্তি, তারুণ্যের অঙ্গীকার; ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ দেশের বিভিন্ন প্রান্তের মোট ১৪টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ বেসবল ফেডারেশনের নিজস্ব মাঠ না থাকায় প্রতিযোগিতাটি বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, দেশের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বেসবলের মতো সম্ভাবনাময় খেলার আয়োজন সময়োপযোগী উদ্যোগ। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির তৃণমূলভিত্তিক সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে এ খেলার প্রসার ঘটানো সম্ভব হবে। পাশাপাশি এটি তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাংগঠনিক সক্ষমতা ও জাতীয় ক্রীড়া উন্নয়নে অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় বেসবল বাংলাদেশে এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও সম্মিলিত উদ্যোগে ভবিষ্যতে খেলাটি দেশের অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, বাংলাদেশ বেসবল ফেডারেশনের কর্মকর্তারা, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































