শেষ মুহূর্তের নাটকে ইরানের বিদায়, আলজেরিয়া-অস্ট্রিয়া ৩-৩ গোলে ড্র করে নকআউটে

টানা দুই দিনে দুইবার স্বপ্নভঙ্গের পর অবশেষে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইরান। নাটকীয় এক ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়া ৩-৩ গোলে ড্র করায় নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দুই দলই।
ম্যাচের ফলের দিকে তাকিয়ে ছিল ইরান। কিন্তু শেষ পর্যন্ত ড্র হওয়ায় তৃতীয় স্থানের সেরা দলগুলোর তালিকায় পিছিয়ে পড়ে বাদ পড়ে যায় তারা।
ক্যানসাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল আক্রমণ ও পাল্টা আক্রমণের লড়াই। ২৮তম মিনিটে অস্ট্রিয়াকে এগিয়ে দেন অস্ট্রিয়ার ফরোয়ার্ড মার্কো আরনাউটোভিচ। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আলজেরিয়ার হয়ে গোল করে সমতা ফেরান রফিক বেলঘালির।
দ্বিতীয়ার্ধেও নাটকীয়তা কমেনি। ৫৫ মিনিটে আবারও অস্ট্রিয়াকে এগিয়ে দেন মার্সেল সাবিৎসার। কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই আলজেরিয়ার হয়ে গোল করে সমতা ফেরান রিয়াদ মাহরেজ।
অতিরিক্ত সময়েও থেমে থাকেনি গোলের ধারা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও গোল করে আলজেরিয়াকে এগিয়ে দেন মাহরেজ। তখন মনে হচ্ছিল জয় নিশ্চিত তাদেরই। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় ম্যাচ।
খেলা শেষের ঠিক আগে বদলি হিসেবে মাঠে নামা সাশা কালাইডজিচ নিজের প্রথম স্পর্শেই দুর্দান্ত হেডে গোল করে অস্ট্রিয়াকে সমতায় ফেরান। সেই গোলেই ৩-৩ ব্যবধানে ড্র নিশ্চিত হয়।
এই ফলাফলে তিন ম্যাচে সমান ৪ পয়েন্ট করে নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় আলজেরিয়া ও অস্ট্রিয়া। অন্যদিকে সেরা তৃতীয় স্থানের তালিকায় নবম অবস্থানে থেকে বিদায় নেয় ইরান।
নকআউট পর্বে অস্ট্রিয়া মুখোমুখি হবে স্পেনের, আর আলজেরিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
(ঢাকাটাইমস/২৮ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































