হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০১ শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৩২ শিশু। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৩।
একই সময়ে ৭০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৬৭৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬৯৩। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৫২৬ জন। এ সময়ে মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































