বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায়: মারুফ কামাল খান

সকলকে আজ একটা তথ্য দিই। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে মাত্র এক টাকা বেতন বা রেমুনারেশন নিতেন। মাইনের পুরো টাকাটাই তিনি দিয়ে দিতেন এতিমখানায়। স্বৈরাচার-বিরোধী আন্দোলনের নিরাপোস নেত্রী বেগম খালেদা জিয়া '৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর '৯১-এর জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হন। তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রাপ্য বেতন থেকে মাত্র এক টাকা নিয়ে বাকিটা পুরোই এতিমখানায় দিয়ে দিতেন।
পরে তিনি আবার প্রধানমন্ত্রী হন এবং দু'দফায় বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন। সে সময়গুলোতেও তিনি যে বেতন পেতেন তার একটা বড় অংশ চ্যারিটিতে খরচ করতেন। দুঃস্থ, দরিদ্র ও এতিমদের সাহায্য করতেন। চিকিৎসা করাতেন। দরিদ্র পরিবারের অনেক মেধাবী সন্তানের লেখাপড়ার খরচ বহন করতেন।
একটা উদাহরণ দিই। ২০০১ সালে প্রধানমন্ত্রী থাকার সময় একটি ছেলে এসএসসিতে ফার্স্ট স্ট্যান্ড করে। প্রধানমন্ত্রী জানতে পারেন ছেলেটি অতিশয় দরিদ্র পরিবারের। তাদের পক্ষে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর্থিক সঙ্গতিহীন সেই ছেলেটির লেখাপড়ার সব ব্যয়ভার গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ছেলেটি কৃতিত্বের সঙ্গে উচ্চশিক্ষা অর্জনের পর বিসিএস পরীক্ষায়ও উত্তীর্ণ হয়। বর্তমানে সে সরকারের একজন যুগ্মসচিব।
লেখক: সিনিয়র সাংবাদিক
(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































