ফ্রান্স–স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে?

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাসে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। সাম্প্রতিক পারফরম্যান্স, দলীয় শক্তি ও ইতিহাস সব মিলিয়ে ম্যাচটিকে অনেকেই ‘ফাইনালের আগেই ফাইনাল’ বলছেন।
মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে স্পেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে স্পেন জিতেছে ১৮ ম্যাচে, ফ্রান্সের জয় ১৩টিতে। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে।
সাম্প্রতিক সময়েও ফ্রান্সের বিপক্ষে ভালো করেছে স্পেন। গত বছরের উয়েফা নেশনস লিগে ৫–৪ গোলের রোমাঞ্চকর জয়ের আগে ইউরো ২০২৪-এর সেমিফাইনালেও ২–১ ব্যবধানে জিতেছিল স্প্যানিশরা।
তবে বিশ্বকাপের মঞ্চে চিত্রটা ভিন্ন। দুই দলের একমাত্র বিশ্বকাপ সাক্ষাতে জয় পেয়েছিল ফ্রান্স। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে পিছিয়ে থেকেও শেষ ১০ মিনিটে দুটি গোল করে ৩–১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।
বিশ্বকাপে এবারও দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠে নতুন ইতিহাস গড়েছে তারা। এর আগে বিশ্বকাপে টানা তিন আসরের সেমিফাইনালে খেলতে পেরেছিল শুধু ব্রাজিল ও জার্মানি।
আক্রমণভাগে ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছয় ম্যাচে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন তিনি। তার সঙ্গে আছেন উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা ও ডিজায়ার দুয়ের মতো আক্রমণভাগের ফুটবলাররা।
অন্যদিকে, লুইস দে লা ফুয়েন্তের অধীনে বল দখলভিত্তিক ফুটবলে ধারাবাহিকতা ধরে রেখেছে স্পেন। ২০১৮ বিশ্বকাপের পর বড় টুর্নামেন্টে ২৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে দলটি। জিতেছে ১৬টি, ড্র করেছে ১০টি।
২০২২ বিশ্বকাপে জাপানের বিপক্ষে হারের পর টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন। এই সময়ে তারা মাত্র পাঁচটি গোল হজম করেছে এবং কোনো ম্যাচেই একটির বেশি গোল খায়নি। নয়টি ম্যাচে প্রতিপক্ষকে গোল করার সুযোগই দেয়নি স্প্যানিশরা।
পরিসংখ্যানের এক অংশ স্পেনের পক্ষে, আবার বিশ্বকাপের ইতিহাসে এগিয়ে ফ্রান্স। ফলে ডালাসের সেমিফাইনালে ইতিহাসের ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি নতুন অধ্যায় লেখা হবে—সেই উত্তর মিলবে মাঠেই।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































