পাবনায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

পাবনার সাঁথিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার আতাইকুলা বনগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস এবং রাজশাহী থেকে রোগী নিয়ে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মধ্যে সকাল সাড়ে ৭টার দিকে আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিনজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালান। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধারে কাজ করে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































