জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে জুলাই শহীদ দিবস পালন

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান জুলাই শহীদদের স্মরণ করে বক্তব্য দেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের পক্ষ থেকে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শামীম, জেনেভা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি নুরুল ইসলাম বক্তব্য দেন। তাঁরা জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
এ ছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তাঁদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ সমুন্নত রাখা এবং একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































