মামাতো ভাইয়ের পরিকল্পনায় শিশু অপহরণ, ৪৮ ঘণ্টার অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৬, ১৪:৪৮
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের ঘটনায় ৪৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

আজ বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা এলাকার ইমাম আজম আবু হানিফা (রহ.) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) গত ২০ জুলাই সকালে প্রতিদিনের মতো স্কুলে যায়। ছুটি শেষে দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে শিশুটির এক সহপাঠী জানায়, এক ব্যক্তি নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে তাসকিনকে বলে তার বাবা হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। এই মিথ্যা তথ্য দিয়ে শিশুটিকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর শিশুটির বাবা দেলোয়ার হোসেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের সমন্বয়ে একাধিক টিম উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান চালিয়ে মো. রাকিব (২২), মো. ফয়সাল (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, মো. ফয়সাল ভুক্তভোগী শিশুর বাবার আপন মামাতো ভাই। তিনি পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন। এ কাজে তিনি পরিচিত কয়েকজন সিএনজি চালককে সম্পৃক্ত করেন এবং মুক্তিপণের অর্থ ভাগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের জানমাল রক্ষা এবং যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও পেশাদারভাবে দায়িত্ব পালন করছে। শিশু অপহরণসহ সব ধরনের গুরুতর অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/২২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলএনজি টার্মিনাল বিকল, তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৩৮৭ জন গ্রেপ্তার
কুয়েতে মার্কিন কমান্ড সেন্টারে ইরানের হামলা
ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? সামনে এলো নতুন তথ্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা