নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্যকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে কলেজ অডিটোরিয়ামে সভা চলাকালে এ ঘটনা ঘটে। পরে সংঘর্ষ কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সভায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের কেউ গুরুতর আহত নন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ কলেজ রোড এলাকায় মুখোমুখি অবস্থান নেওয়া দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































