এসএসসিতে ইতিহাস গড়ল নাছিমা কাদির মোল্লা হাইস্কুল, সবাই জিপিএ-৫

সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এসএসসি পরীক্ষায় এবারও তাক লাগানো ফল করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটির ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। একই সঙ্গে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
সোমবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। কেউ নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন, আবার কেউ একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস করেন। খুশিতে অভিভাবকেরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মিষ্টি নিয়ে আসেন।
শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, সঠিক দিকনির্দেশনা, গাইড শিক্ষকদের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণেই এমন অসাধারণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিলয় দেবনাথ বলেন, ‘আমিসহ সব বন্ধু জিপিএ-৫ পেয়েছে। তাই সবাই মিলে নেচেগেয়ে আনন্দ করছি। এমন ফলের পর আমাদের সব পরিশ্রমের কষ্ট ভুলে গেছি। মা-বাবা খুশি হয়েছেন, এর চেয়ে আনন্দের আর কী আছে?’
বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিইসি, জেএসসি ও এসএসসিতে ভালো ফল করে আসছে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে।
এর আগে ২০২৫ সালেও প্রতিষ্ঠানটির ৩২০ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছিল।
বিদ্যালয়টির গত কয়েক বছরের ফলাফলও ছিল উল্লেখযোগ্য। ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন, ২০২২ সালে ২৬৬ জনের মধ্যে ২৬৬ জন, ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন, ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন, ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন এবং ২০১৭ সালে ১৬৪ জনের মধ্যে ১৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
এবারের ফলাফলের মধ্য দিয়ে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস এসএসসি পরীক্ষায় নিজেদের সাফল্যের ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে নিল।
(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































