১০৭ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

রাঙামাটি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১৫:৩৯
অ- অ+

দীর্ঘ ১০৭ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে আবারও শুরু হয়েছে মৎস্য ধরা। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত থেকে মাছ ধরা শুরু করেন জেলেরা।

একইসঙ্গে মঙ্গলবার ভোর ৬টা থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নির্ধারিত অবতরণকেন্দ্রগুলোতে মাছ খালাস কার্যক্রমও শুরু হয়েছে।

মাছ ধরা শুরুর পর রাঙামাটির প্রধান মৎস্য অবতরণকেন্দ্র বিএফডিসি ঘাটসহ হ্রদপাড়ের বিভিন্ন এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য।

‎কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনা মাছের স্বাভাবিক বৃদ্ধি এবং হ্রদের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ রাখা হয়। চলতি বছরের ২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। প্রথম দফায় ৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা থাকার কথা থাকলেও মৎস্যসম্পদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে এর মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।

প্রায় ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৭ হাজার জেলে পরিবারের জীবিকা নির্ভরশীল। দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে এ সময়ে মাছ আহরণের সঙ্গে যুক্ত জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের অনেকের আয়-রোজগার বন্ধ ছিল। ফলে নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। একইসঙ্গে দীর্ঘদিন অনেকটা নীরব থাকা মৎস্য অবতরণকেন্দ্রগুলোতেও দেখা দিয়েছে ব্যস্ততা।

‎মঙ্গলবার সকাল থেকে কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকা থেকে বোটে মাছ নিয়ে রাঙামাটি বিএফডিসি ঘাটে ভিড়তে থাকেন জেলেরা। প্রথম দিনে ঘাটে চাপিলা, কাচকি, আইড়সহ বিভিন্ন প্রজাতির মিসালি মাছ আসে। মাছ নিয়ে বোটগুলো ঘাটে ভেড়ার পর সেগুলো খালাস, মাপজোখ ও পরিবহনের কাজে ব্যস্ত হয়ে পড়েন শ্রমিক ও ব্যবসায়ীরা।

‎ঘাটে আসা মাছ বিএফডিসির নির্ধারিত প্রক্রিয়ায় মাপজোখ শেষে প্যাকেজিং করা হচ্ছে। এরপর বরফ দিয়ে সংরক্ষণ করে এসব মাছ ট্রাকে তুলে পাঠানো হচ্ছে রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলায়। সকাল থেকেই মাছবোঝাই ট্রাকের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে বিএফডিসি ঘাট এলাকা।

‎মৎস্য ব্যবসায়ী জাফর ইকবাল বলেন, সকাল ৬টা থেকেই ঘাটে মাছ আসা শুরু করেছে। আমাদের শতভাগ আশা ছিল, তবে প্রথম দিকে প্রায় ৮০ শতাংশ মাছ ঘাটে এসেছে। ধীরে ধীরে চাহিদা অনুযায়ী মাছের পরিমাণ আরও বাড়বে। বাজারমূল্য ঠিক থাকলে ব্যবসাও ভালো হবে। সবকিছুই মূলত বাজারমূল্যের ওপর নির্ভর করছে।

‎আরেক মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ এছাক বলেন, গত বছরের তুলনায় এ বছর প্রথম দিনে কিছুটা কম পরিমাণে মাছ এসেছে। তবে খুব বেশি কমও নয় আবার বেশিও নয়, মাঝামাঝি পর্যায়ে রয়েছে। আর হ্রদে পানি বেশি থাকায় এখন বড় মাছ কম পাওয়া যাচ্ছে। পানি কমে এলে বড় মাছ ধরা পড়বে বলে আশা করছি।

‎দীর্ঘদিন পর কাজে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ঘাটের শ্রমিকরাও। বিএফডিসি ঘাটের শ্রমিক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ সময় পর আবার ফিশারি চালু হয়েছে। বন্ধের সময়ে আমরা কোনো কাজ করতে পারিনি। আজ থেকে ফিশারি চালু হওয়ায় আবার কাজের সুযোগ পেয়েছি। এতে আমরা আনন্দিত।

‎বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, দীর্ঘ সাড়ে তিন মাস পর আজ কাপ্তাই হ্রদের মাছের অবতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে কাচকি ও চাপিলা মাছের পরিমাণ বেশি দেখা যাচ্ছে। যেহেতু হ্রদে পানির পরিমাণ বেশি, তাই ছোট প্রজাতির মাছই এখন বেশি আসবে। পর্যায়ক্রমে পানি কমলে বড় মাছ পাওয়া যাবে।

‎তিনি আরও বলেন, গত অর্থবছরে আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মাছ অবতরণ করা সম্ভব হয়েছে। সাড়ে ৮ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় সাড়ে ১০ হাজার মেট্রিক টন মাছ অবতরণ করা হয়েছে। আমরা আশাবাদী, চলতি অর্থবছরেও উল্লেখযোগ্য পরিমাণ মাছ অবতরণ করা সম্ভব হবে।

‎‎দীর্ঘদিন পর মাছ আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে। পর্যাপ্ত মাছ পাওয়া গেলে জেলেদের আয়-রোজগার বাড়ার পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে কাপ্তাই হ্রদকেন্দ্রিক মৎস্য ব্যবসা ও স্থানীয় অর্থনীতিতে নতুন করে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা গেছে, গত মৌসুমে কাপ্তাই হ্রদ থেকে প্রায় সাড়ে ১০ হাজার মেট্রিক টন মাছ আহরণ করা হয়। এসব মাছ থেকে সরকার ১৯ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে।

(ঢাকা টাইমস/১১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র, চালু হয়নি দুই বছরেও 
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু 
সরকার এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্টে আগ্রহী: জ্বালানি মন্ত্রী
ভিডিও কাণ্ডে দল থেকে বহিষ্কার, সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা