গাংনীতে
ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রামে মিলল ১৭ অ্যান্টি-ট্যাংক ও ৭৩ অ্যান্টি-পার্সন মাইন, পরে নিষ্ক্রিয়

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে মাটির নিচ থেকে ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন ও ৭৩টি অ্যান্টি-পার্সন ল্যান্ডমাইন উদ্ধার করেছে সেনাবাহিনী। পরে এসব মাইন গ্রামের পাশের টকটি নদীর পাড়ে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
গতকাল সোমবার বিকাল তিনটার দিকে যশোর সেনানিবাসের ১৯ সদস্যের একটি দল অভিযান চালিয়ে মাইনগুলো উদ্ধার করে। দলটির নেতৃত্ব দেন মেজর তরিকুল ইসলাম। অভিযানে গাংনী থানার পুলিশ ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বেতবাড়িয়া গ্রামের একটি জমিতে মাইনসদৃশ বস্তু দেখতে পান কৃষক কাদা মালিথা। পরে তিনি মাটি খুঁড়ে পাঁচটি ল্যান্ডমাইনের খালি বাক্স দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন গাংনী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়।
পরে বিষয়টি সেনাবাহিনীর মাইন নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়। গতকাল (সোমবার) সেনাবাহিনীর দলটি ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে একে একে ১৭টি অ্যান্টি-ট্যাংক ও ৭৩টি অ্যান্টি-পার্সন মাইন উদ্ধার করে। পরে সেগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় প্রবীণ ব্যক্তিদের ধারণা, মাইনগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা হয়ে থাকতে পারে। তাদের দাবি, ওই সময় ভারত সীমান্ত সংলগ্ন বেতবাড়িয়া গ্রামটি মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি ছিল। গ্রামের মধুগাড়ি মাঠে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের একাধিকবার সম্মুখযুদ্ধ হয়েছিল। গ্রামটি ধ্বংসের উদ্দেশ্যে তখন এসব মাইন পুঁতে রাখা হয়ে থাকতে পারে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার বলেন, মাইনসদৃশ বস্তু পাওয়ার পর থেকেই এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে মাইনগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করেন। নিরাপত্তার জন্য এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































