মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে নারী-পুরুষদের বেঁধে ডাকাতি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় প্রবাসীর বাড়িতে নারী-পুরুষদের বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চিৎকারের চেষ্টা করায় নুরুল আলম (৭০) নামে প্রবাসীর বাবাকে কুপিয়ে জখম করা হয়ে গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুরুল আলমের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা পরিবারের লোকজনকে জিম্মি করে সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ আড়াই লাখ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে।
আহত নুরুল আলম জানান, তার সিঙ্গাপুর প্রবাসী ছেলে গিয়াস উদ্দিন ও কাতার প্রবাসী নুরউদ্দিনের ঘরে তালা কেটে প্রবেশ করে ডাকাতদল। তারা গলায় অস্ত্র ধরে স্বর্ণালংকার, নগদ অর্থ ও ২ টি মোবাইলফোন লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে চাইলে আমাকেও কুপিয়ে জখম করে ডাকাতদল।
নারী সদস্যরা জানায়, ডাকাতরা ঘরে প্রবেশ করেই পরিবারের পুরুষ সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নারী সদস্যের পাশের রুমে নিয়ে বেঁধে পেলে। নারী সদস্যদের নাকের গলার হাতের যা ছিল সব খুলে নিয়ে যায়। যাওয়ার সময় নারী সদস্যদের গায়ে হাত বুলিয়ে বাঁধন খুলে দিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর আমাদের চিৎকারে ডাকাতির খবর পেয়ে আশপাশের মানুষ ছুটে আসে। পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে জোরারগঞ্জ থানা পুলিশ ।
কাতার প্রবাসীর স্ত্রী সাহেলা আক্তার সুমি বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম, আমাদের বেলকনির দরজা ভেঙে আমাকে বেঁধে এবং আমার ছেলে মেয়েকে অস্ত্র ধরে বলে যা আছে দিয়ে দিতে। এরপর আমার শ্বশুরকে মারধর করে। ঘরের সব জিনিসপত্র এলোমেলো করে স্বর্ণ, টাকাপয়সা আর দুইটা মোবাইল নিয়ে যায়।
সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী কোহিনুর বেগম জানান, ওরা সবাই অস্ত্রসস্ত্র নিয়ে আসছে। কারো হাতে ছুরি, কারো হাতে পিস্তল। কাউকে চিনতে পারিনি৷ তবে গলার আওয়াজে স্থানীয় মনে হয়েছে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ডাকাতির ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১১ আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































