ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাব্বী (২৭) বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকান চালাতেন। তিনি মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিল, এ সময় কয়েকজন হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। রাব্বী দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে হামলাকারীরা দোকানে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন, আমার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনে দোকানে আসে। এ সময় একদল যুবক তার ওপর প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করেছে। এখানে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছে কেউ প্রতিবাদ করে নাই। এখন আবার কেউ কিছু ভয়ে বলতেছে না। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জমিজমার বিরোধ নিয়ে রাব্বিকে হত্যা করা হয়েছে। তার প্রতিবেশী সাব্বিরের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































