বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৯:০৫
অ- অ+

বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদেরা কোনো বিশেষ শক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পুঁজি বাড়ানোর জন্য জীবন দেননি। তাঁদের নিয়ে সংকীর্ণ রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর হাতিরঝিলের মধুবাগে কাদেরিয়া পার্টি সেন্টার মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত ‘শহীদ স্মরণ সমাবেশে’ এসব কথা বলেন সাইফুল হক। দলটির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সাইফুল হক বলেন, গত দুই বছরে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, চাকরিচ্যুতি ও কর্মহীনতা বেড়েছে। মানুষের জীবন-জীবিকাও নিরাপদ হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্ব এখনো বন্ধ হয়নি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে সাইফুল হক বলেন, বিদেশ-নির্ভর জ্বালানি নীতির কারণেই দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট ঘনীভূত হয়েছে। জ্বালানির ক্ষেত্রে বিদেশ-নির্ভরতা কাটিয়ে উঠতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)সহ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

গত ছয় মাসে বিএনপি সরকারের কার্যক্রমের মূল্যায়ন করে তিনি বলেন, কয়েকটি ক্ষেত্রে দুর্বলতা থাকলেও গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক সহিষ্ণুতার ক্ষেত্রে সরকার সাফল্য দেখিয়েছে। রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের পথ পরিহার করে যে শাসনপদ্ধতি চলছে, তা অব্যাহত রাখতে হবে।

সাইফুল হক বলেন, গত ছয় মাসে সরকার সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষায় যেসব উদ্যোগ নিয়েছে, দেশের মানুষ এখন সেগুলোর বাস্তবায়ন দেখতে চাইবে।

সমাবেশে দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হলেও মানুষের জীবন, বিশেষ করে নারীদের জীবন এখনো নিরাপদ হয়নি। নারী অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা অব্যাহত রয়েছে। নারী বিদ্বেষী সব অপতৎপরতা আইন করে নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, বিএনপি সরকারকে অবশ্যই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ধারণ করতে হবে। সংসদের আগামী অধিবেশনে স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শ্রমিক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি শহীদ হলেও তাঁরা এখনো বঞ্চিত ও নির্যাতিত। শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নতি না হলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।

বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানে জনগণের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ত্যাগ স্বীকার করলেও গত দুই বছরে এর সুফল মুষ্টিমেয় কিছু মানুষ আত্মসাৎ করেছে। এই পরিস্থিতির পরিবর্তনে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাতিরঝিল আঞ্চলিক কমিটির নেত্রী নার্গিস আকতার লিমার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, বিএনপির স্থানীয় নেতা আব্দুর রশীদ খান, আকতারুজ্জামান রাজিব, মাহমুদুল হাসান মাধু ও নারীনেত্রী মরিয়ম আকতার প্রমুখ। সভা সঞ্চালনা করেন ফিরোজ আলী।

সমাবেশের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুবিতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ৪২ প্রতিষ্ঠানের শিল্প-একাডেমিয়া বৈঠক 
শ্রীপুরে হানিট্র্যাপের অভিযোগে কয়েকজনকে আটক
বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার
৫ দিনের জমজ কন্যাশিশু রেখে পলাতক মা, মায়ের অপেক্ষায় দুই নবজাতক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা