ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ৮৩৯

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৮২ জনের মৃত্যু হলো। আর এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ২৬ হাজার ৮৯৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের সঙ্গে সঙ্গে দেশে ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































