চাঁদপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, ৮ মাসে ৮৪৭ শনাক্ত

চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ অব্যাহতভাবে বাড়ছে। জুলাই মাস থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৭।
এর মধ্যে শুধু গতকালের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ (১০ সেপ্টেম্বর) ডেঙ্গু পরিস্থিতির দৈনিক প্রতিবেদন তেকে এসব এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২ জন, ফরিদগঞ্জে ১ জন, হাজিগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ২ জন এবং মতলব উত্তরে ২ জন রয়েছেন। একই সময়ে বেসরকারি হাসপাতালে নতুন আক্রান্ত হয়েছেন ৮ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৭ জন ও শাহরাস্তিতে ১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন ৭৩৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১১৪ জন। সব মিলিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৪৭ জন।
এ সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এ পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত চাঁদপুর সদর। এ উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এরপর কচুয়ায় ১৪২ জন এবং ফরিদগঞ্জে ১১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চিকিৎসকরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ে।
চাঁদপুর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান জানান, জুলাই মাস থেকে চাঁদপুরে ডেঙ্গুর রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছরেই এই সময়টাতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। তাই ডেঙ্গু রোগের চিকিৎসা দিতে ঔষধ, স্যালাইন, ডেঙ্গুর কিট ও সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
জনগণকে ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এই চিকিৎসক।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













