বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩
অ- অ+

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরহাট এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার এবং একজন সাতক্ষীরা জেলার বাসিন্দা।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৪ জেলেকে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হয়ে উঠলে জেলেরা উপকূলে ফিরতে শুরু করেন। ফকিরহাট এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়।

ট্রলারডুবির খবর পেয়ে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত ১০টার দিকে ‘সেলিম মাঝি’র ট্রলারের সহায়তায় সাগরে ভাসমান অবস্থায় ১৪ জেলেকে উদ্ধার করা হয়। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার হওয়া জেলেরা এখনো উপকূলে ফিরতে পারেননি।

উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করি। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. মজিবর ফরাজী বলেন, সাগর উত্তাল থাকায় উপকূলে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পাওয়ার পর ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে ১৪ জনকেই উদ্ধার করা হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। উদ্ধার হওয়া ১৪ জেলে বর্তমানে নিরাপদে আছেন এবং তাঁদের দ্রুত উপকূলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের শুকনো খাবার ও চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন পুতিন
ব্রিকসের বৈঠকে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট
দাম বাড়ল সিগারেটের