সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, মফস্বলের সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন না, এমন ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সব সাংবাদিককে আর্থিক সহায়তা দেওয়া হয়।
তিনি বলেন, ট্রাস্টের বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নীতিগতভাবে তা অনুমোদিতও হয়েছে। চলতি বছরে বর্ধিত এই সম্পূর্ণ অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর পুরোটা দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ না দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, এটি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে আগেই সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, যেকোনো দেশ বা সংগঠন তাদের আইনি কাঠামোর মধ্যে থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতেই পারে। বিশ্বের সব দেশেই স্বাধীন গণতন্ত্র বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










