গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলবাহী নছিমন খাদে পড়ে মো. রাসেল শেখ (৩০) নামে নছিমনচালক নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার জয়ানগর-কাশিয়ানী সড়কের হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নছিমনচালক মো. রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাসোনিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, একটি তেলবাহী নছিমন জয়ানগর থেকে কাশিয়ানীর দিকে যাচ্ছিল। এ সময় নছিমনটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নছিমনচালক মো. রাসেল শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রাসেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










