ত্রিশালে বালুবাহী ড্রামট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের কানিহারি-তিরখী সড়কে বালুবাহী ড্রামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে কানিহারি-তিরখী সড়কের কালীরবাজার সংলগ্ন বালুর খলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম (৪০) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। নিহত অপর নারী যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, বালুবাহী ড্রামট্রাকটি গফরগাঁও থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অপরদিকে, সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহ থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে কানিহারি-তিরখী এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক জসিম নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিচালক জসিম নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে এক নারী মারা যাওয়ার খবর পাওয়া যায়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












