ইরান যুদ্ধে মানসিক চাপে মার্কিন সেনারা, ৮ জনের আত্মহত্যার চেষ্টা

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওয়ের একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলুর।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ওই চিঠিটি পায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে দেওয়া চিঠিতে কাও ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সদস্যদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে বিস্তারিত তথ্য দেন।
চিঠিতে কাও লিখেছেন, লিংকনের মোতায়েন শুরুর পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। তবে এ সময়ে কোনো নৌসদস্য আত্মহত্যা করেননি।
তিনি জানান, এই সংখ্যার মধ্যে শুধু ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকরাই নন; ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সঙ্গে থাকা ডেস্ট্রয়ার এবং সব বিমান স্কোয়াড্রনের সদস্যরাও রয়েছেন।
লিংকন স্ট্রাইক গ্রুপের অধীনে প্রায় ছয়টি জাহাজে ৬ হাজার থেকে ৭ হাজার মার্কিন নৌসদস্য মোতায়েন ছিলেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সময় বিমানবাহী রণতরীটি ছয় মাসেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করে।
সিএনএনকে এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, ‘আটটি আত্মহত্যার চেষ্টা অত্যন্ত বেশি।’ তার মতে, সাম্প্রতিক সময়ে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্যান্য মোতায়েনে বছরে সাধারণত এক বা দুটি এমন ঘটনা ঘটেছে। তবে এটি ওই কর্মকর্তার মূল্যায়ন; সরকারি পরিসংখ্যান অনুযায়ী, লিংকন স্ট্রাইক গ্রুপের আত্মহত্যার চেষ্টার হার ২০২৪ সালের পুরো সক্রিয় নৌবাহিনীর হারের সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ ছিল।
ওই কর্মকর্তা আরও বলেন, স্বাভাবিক সামরিক অভিযানের তুলনায় যুদ্ধকালীন কার্যক্রমের চাপ অনেক বেশি। দীর্ঘ সময় কোনো বন্দরে না থামা, সবসময় সতর্ক অবস্থায় থাকা এবং টানা সামরিক অভিযান চালানোর কারণে নৌসদস্যদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
এর আগে ইউএসএস আব্রাহাম লিংকনের দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান এবং জাহাজে মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের খবর প্রকাশিত হয়। গত ২ সেপ্টেম্বর ২৮৬ দিন সমুদ্রে থাকার পর রণতরীটি থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছায়। এটি ছিল দীর্ঘ মোতায়েনের পর প্রথম পূর্ণাঙ্গ বন্দরযাত্রা।
(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












