শেরপুরে থানা আকস্মিক পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, জোর দিলেন জনবান্ধব সেবায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৫
অ- অ+

শেরপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে শেরপুর পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

পরে ডিআইজি শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ প্রশিক্ষণ পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়িয়ে সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী গঠনে এবং নির্বাচনী দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে নির্বাচনের গুরুদায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পুলিশ লাইন্সে একটি গাছের চারা রোপণ করেন ডিআইজি।

এরপর শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে ‘রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমষ্টিগত দাবি-দাওয়া তুলে ধরেন। ডিআইজি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দাবি-দাওয়া বাস্তবায়নে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর থানা আকস্মিক পরিদর্শন করেন জাহিদুল হাসান। এ সময় তিনি থানায় সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি থানার কার্যক্রম, সেবা প্রদান, মামলা ও রেকর্ড ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে জনগণকে দ্রুত, মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি। দায়িত্ব পালনে পেশাদারত্ব, সততা, শৃঙ্খলা, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন রেঞ্জ ডিআইজি। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

দিনব্যাপী এসব কর্মসূচিতে শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীনগর ও সিরাজদিখান থানার কার্যক্রমে গতি আনতে ৬টি গাড়ি উপহার
নিজ ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান