জনশক্তি সহযোগিতা জোরদারে ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধিদল

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রতিনিধিদলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
বোয়েসেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরের মাধ্যমে দুই দেশের চলমান জনশক্তি সহযোগিতা আরও শক্তিশালী হবে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজার সম্প্রসারণে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দরে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং প্রতিনিধিদলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন।
বোয়েসেল জানায়, সফরকালে প্রতিনিধিদলের সঙ্গে জনশক্তি রপ্তানি, দক্ষ কর্মী নিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার-সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানানোর সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































