গণভবনের সামনে যুবলীগের মিছিল, ‘এটা আমাদের এলাকা নয়’—বলছে দুই থানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৬, ১৩:৫১
অ- অ+

রাজধানীর গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। তবে এ ঘটনায় মিছিলটি কোন থানার সীমানার মধ্যে পড়েছে, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। উভয় থানাই দাবি করেছে, ঘটনাস্থল তাদের আওতাধীন নয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবন ও রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনের সড়কে ৪০ থেকে ৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে শুরু হয়। পরে দলটি সড়ক ঘুরে গণভবনের প্রধান ফটকের সামনে দিয়ে অতিক্রম করে। পুরো কর্মসূচি এক থেকে দেড় মিনিটের মধ্যে শেষ করে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, “আমাদের থানা এলাকায় কোনো মিছিল হয়নি। আর এ মিছিল কখন হয়েছে, সেটিও আমাদের জানা নেই। যা দেখলাম, এটি শেরেবাংলা নগর থানা এলাকায় হয়েছে। মিছিল থেকে কাউকে আটক করা হয়নি।”

অন্যদিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। তবে এটি আমাদের থানার ভেতরে পড়েনি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলা হয়েছে।”

দুই থানার এমন ভিন্ন অবস্থানের কারণে গণভবনের সামনে সংঘটিত এ মিছিলের দায় ও ঘটনাস্থলের সীমানা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো আটক বা মামলার তথ্য পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে টাস্ক ফোর্সের অভিযান, মনিটরিং জোরদারের ঘোষণা
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা