ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা, আহত একাধিক সংবাদকর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১১:৪৯
অ- অ+

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচির পর সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে মিছিলকারীদের কথা কাটাকাটি হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

হামলায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। এছাড়া কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশান ও যমুনা টিভির প্রতিবেদক রাব্বী সিদ্দিকীসহ আরও কয়েকজন হামলার শিকার হন বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, অতর্কিত হামলায় অন্তত ২০ থেকে ২৫ জনকে মারধর করা হয়। এতে মাহফুজুর রহমান শিশির রক্তাক্ত জখম হন এবং পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আব্দুর রহমান ইশানকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিকদের দাবি, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেননি। তাদের অভিযোগ, হামলাকারীদের নিবৃত্ত করার অনুরোধ জানানো হলেও পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে অপারগতার কথা জানায়।

এ ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

জানা গেছে, মিছিল-পরবর্তী ব্রিফিংয়ের সময় কয়েকজন সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ ও ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করা হলে তারা এর প্রতিবাদ জানান। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ উর রহমান
ধানমন্ডি ৩২ থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক ব্যক্তি আটক
পবিত্র আশুরা নির্বিঘ্ন করতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা