‘গোলাপ’ নিয়ে সুখবর দিলেন নিরব

ঘোষণার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। নানা কারণে পিছিয়ে যাওয়া ‘গোলাপ’ সিনেমাটি এবার নতুন করে আলোচনায়। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসেই শুরু হতে পারে এ সিনেমার শুটিং।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার নায়িকা পরীমনির দেওয়া একটি পোস্টের সূত্র ধরে বিষয়টি সামনে আসে। পরে এ বিষয়ে কথা বলতে গিয়ে নীরব জানান, নানা কারণে ছবিটির কাজ কয়েকবার পিছিয়ে গেলেও এবার দ্রুত শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা করছে পুরো টিম।
নীরব বলেন, বেশ কয়েকবার চলচ্চিত্রটির নির্মাণ পিছিয়েছে। আমরা শিগগিরই চলচ্চিত্রটির শুটিংয়ে যেতে চাই। তা নিয়ে আলোচনা চলছে। পরীমনির সাথেও আলাপ হয়েছে এ নিয়ে।
তিনি আরও জানান, আগামী জুলাই মাসকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা ও কলাকুশলীরা।
রাজনীতিকে কেন্দ্র করে ছোট শহরের বাস্তবতা নিয়ে নির্মিত হতে যাওয়া থ্রিলারধর্মী এ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা। এতে নীরবের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি।
এদিকে, ঈদে মুক্তির দৌড়ে থাকা নীরবের আরেক ছবি ‘শিরোনাম’-এর মুক্তিও পিছিয়েছে। তবে খুব শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানা গেছে। এ সিনেমায় নীরবের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































