সবুজবাগে বিএনপি কর্মী পলাশ হত্যার রহস্য উদ্ঘাটন, চার আসামির আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৮:২৫
অ- অ+

রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মী ইব্রাহীম পলাশ (৩২) হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ও পরে আদালতে আত্মসমর্পণ করা চার আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপির মতিঝিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মো. নাঈম ও মো. আলীকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের অভিযান ও গোয়েন্দা তৎপরতার মুখে মামলার প্রধান আসামি মোস্তফা হোসেন রয়েল এবং তার সহযোগী মো. সবুজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে চারজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তসংশ্লিষ্ট তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক দিন আগে স্থানীয় একটি রিকশা গ্যারেজকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। ওই বিরোধের একপর্যায়ে নিহত ইব্রাহীম পলাশের সঙ্গে রয়েলের বাক্‌বিতণ্ডা ও সংঘর্ষ হয়। এর জের ধরে প্রতিশোধ নিতে পলাশের ওপর হামলার পরিকল্পনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ জুলাই সন্ধ্যায় বাগপাড়া পানির পাম্পসংলগ্ন সোহাগের চায়ের দোকানের সামনে অবস্থানরত পলাশের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সবুজবাগ থানা পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন স্থানে অভিযান চালায়। তদন্তের একপর্যায়ে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল ও আসামিদের দেখানো স্থান থেকে নিহতের শরীরের বিচ্ছিন্ন অংশও উদ্ধার করা হয়েছে। এসব আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা