রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৮:৫৪
অ- অ+

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পৃথকভাবে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।

ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের একটি আলোচনা সভাকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও দুই ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অন্যদিকে ঢাকা আলিয়া মাদ্রাসায় হলের আসন (সিট) দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আহত তিন শিক্ষার্থী হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। এ ছাড়া আলিয়া মাদ্রাসা এলাকা থেকে আহত অবস্থায় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহকে হাসপাতালে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদিকে রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির ওপর হামলার অভিযোগ করেছে ছাত্রদল। এ ঘটনায় সানাউল্লাহ আহত হন বলে সংগঠনটির দাবি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংঘর্ষ চলাকালে মাথায় হেলমেট, হাতে পাইপ নিয়ে যুবদল নেতা নয়ন
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
তেজগাঁও সরকারি কোয়ার্টারে বসে ঢাকায় মিছিল করাত যুবলীগ নেতা, অতঃপর গ্রেপ্তার
বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা