ভালোবাসা দিবসে নতুন ছবির ঘোষণা চয়নিকার

বিশ্ব ভালোবাসা দিবসে নতুন ছবির ঘোষণা দিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। নাম ‘প্রহেলিকা’। সোমবার এফডিসিতে অবস্থিত পরিচালক সমিতিতে গিয়ে ছবিটির নিবন্ধন করেছেন তিনি। চয়নিকা নিজেই এ খবর গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি নিবন্ধন করেছিলাম। আরেক ১৪ ফেব্রুয়ারিতে দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলাম। এটি আমার পক্ষ থেকে দর্শকদের জন্য ভালোবাসা দিবসের উপহার।’
চয়নিকা আরও বলেন, ‘প্রহেলিকা’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। এই সিনেমার গল্পটা রহস্য, প্রেম, ভালোবাসার চমক নিয়ে এগিয়ে যাবে। এছাড়া আর কোনো কিছু আপাতত বলতে চাই না।’
এ ছবিতে কারা অভিনয় করবেন তাও ঠিক হয়নি বলে জানান চয়নিকা। তিনি বলেন, কয়েকজনের সঙ্গে কথা চলছে। আশা করছি কয়েক দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। সব চূড়ান্ত হলে আপনাদের সবাইকে জানাবো। আপাতত এটুকু বলি, মে মাসে শুটিং শুরু করব।’
নাটক বানিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পায় ২০২০ সালের ডিসেম্বরে। সেখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ ও পরীমনি। ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। নির্মাতার দ্বিতীয় ছবিতে নায়ক-নায়িকা কারা হন, সেটাই দেখার।
ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































