ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল-নসিমন ও মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জেলার বালিয়াডাঙ্গী থেকে লাহিড়ীগামী সড়কে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নিতে গিয়ে আরো একজন মারা যান। অন্যদিকে দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় একজন মারা গেছেন। দুই ঘটনায় দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া গ্রামের সুজন ইসলাম (১৭) ও দেলোয়ার (২০)। নিহত আরেকজন শহরের কালিবাড়ি এলাকার নুরুল ইসলাম (৬০)।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ওসি তানভীরুল ইসলাম।
পুলিশ জানায়, সকালে পাড়িয়া গ্রামের সুজন ঢাকা থেকে নাইটকোচে বাসায় ফেরেন। চাচাতভাই সুজনকে নিতে মোটরসাইকেল নিয়ে উপজেলায় আসেন দেলোয়ার। ফেরার পথে অপর দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান সুজন। আহত দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠানো হয়। পথিমধ্যে খোঁচাবাড়ি নামক স্থানে তিনিও মারা যান।
অন্যদিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় নসিমন ও মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে নুরুল ইসলাম (৬০) নামে একজন মারা যান। আহত হয় নাবিল নামে এক কিশোর।
দুই থানার পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নসিমনের চালকদের আটকের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১০মার্চ/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































