নাঈম-মৌসুমীকে নিয়ে জহির খানের ‘কবি’

সেজান একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে আগের প্রফেশন কী ছিল সেটা অফিস কর্তৃপক্ষ জিজ্ঞাসা করলে সেজান জানায়, সে আগাগোড়া একজন কবি। আগেও কবি ছিল, বর্তমানেও কবি। তার কবিতা বিভিন্ন পত্রিকায় ছাপা হয় সেটাও দেখান।
কোম্পানির কর্মকর্তা নজরুল সাহেব বিরক্ত হয়ে সামনে থাকা জীবন বৃত্তান্ত ছিঁড়ে ফেলে দেন। রাগান্বিত স্বরে বলেন, তার অফিসে কোনো কবির চাকরি নেই। অফিস থেকে অপমান করে বের করে দেওয়ার সময় সেজানের মেজাজ খুব খারাপ হয়।
নজরুল সাহেবকে সেজান বলেন... ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা, ঐখানেতে বাস করে কানা বগির ছা। এই রকম একটা কবিতা দিয়ে আপনি লেখাপড়া শুরু করেছেন। সেটা আমার মতো কোনো কবিই লিখেছেন। সেটা পড়ে আপনি আজ এত বড় কোম্পানির মালিক। আমি আমরা যদি না লিখি, তাহলে আপনারা শিক্ষিত হতে পারতেন না। কবি আপনাকে যা শিখিয়েছে তা আপনার বাবা-মাও হয়তো শেখাতে পারেনি। সেজান রাগ করে বের হয়ে যায়।
চাকরি না পেয়ে সেজানের ঘর ভাঙার অশনি সংকেত শুরু হয়। রেনুর ছেড়া কাপড়ের ফাকে যৌবনের অঙ্গার দেখা যায়, বউকে একটা শাড়ি কিনে দেওয়ার মতো অবস্থা নেই সেজানের। নুন আনতে পান্তা পুরায়। তবুও সেজান রেনুকে নিয়ে সুখে আছে।
সেজানের জীবনেও বাঁক নেয় নতুন ঘটনা। ওদিকে নজরুল সাহেব সেজানকে খুঁজে পাচ্ছেন না! সেজান তাহলে কোথায়? জানতে হলে দেখতে হবে কবি ও নির্মাতা জহির খানের পরিচালনায় ‘কবি’ নাটকটি।
সম্প্রতি বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং সম্পূর্ণ হয়েছে। নাটকটি রচনা করেছেন আজম খান। এতে সেজান চরিত্রে দেখা যাবে এফএস নাঈমকে এবং রেনু চরিত্রে আছেন মৌসুমী হামিদ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল খান, আহসান হাবিব, নাসিম, তন্ময়া তানিয়া প্রমুখ।
নির্মাতা জহির খান বলেন, ‘আমাদের যাপিত জীবনের বাস্তব কিছু ঘটনাবলির সংযোজনে নির্মিত হয়েছে ‘কবি’ নাটকটি।’ এর চিত্রগ্রাহক হিসেবে ছিলেন নুরুন্নবী তরুণ। নির্মাতা জানান, নাটকটি খুব শিগগির এনটিভিতে প্রচারিত হবে।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএম/এএইচ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































